যশোরের ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সরকারি হাসপাতাল) বৈকালিক চিকিৎসা সেবায় যুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
এখন থেকে সরকার নির্ধারিত ফি দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেল ৩টা- সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে পারবেন।
দুপুরে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) ডা. নাসির উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
ডা. মো. রশিদুল আলম জানান, বৈকালিক স্বাস্থ্যসেবার আওতায় অফিস সময়ের পর নির্ধারিত ফি’র বিনিময়ে নিজ কর্মস্থলে রোগী দেখবেন চিকিৎসকরা।


বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে এ সেবা পাওয়া যাবে। চিকিৎসককে দেখানোর পাশাপাশি পরীক্ষা নিরীক্ষা করারও সুযোগ থাকছে।
তবে এক্ষেত্রেও নির্ধারিত হারে ফি পরিশোধ করতে হবে রোগীকে। এই সেবার জন্য একজন জুনিয়র কনসালটেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী চিকিৎসকের ফি ৩০০ টাকা, যার মধ্যে ২০০ টাকা চিকিৎসক পাবেন।
মেডিক্যাল অফিসার বা সমমানের ডিগ্রিধারী চিকিৎসকদের ফি ২০০ টাকা। এর মধ্যে ১৫০ টাকা চিকিৎসক পাবেন।
বাকি টাকা সার্ভিস চার্জ বাবদ কাটা হবে এবং চিকিৎসকদের সহায়তাকারীরা পাবেন। এ ক্ষেত্রে নার্স ও টেকনিশিয়ানরাও সপ্তাহে দুইদিন করে কাজ করবেন।
বৈকালিক এ সেবায় চিকিৎসা সেবার পাশাপাশি প্রসুতি মায়েদের সার্জারি ও বিভিন্ন রকম পরীক্ষার জন্যও মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও খরচের একটি অংশ পাবে হাসপাতাল।


Leave a Reply