ফার্সিভাষীরা হাফিজকে বলেন ‘লিসানুল গায়েব’, মানে অদৃশ্যের ভাষা। কবি হাফিজ তাঁর দিওয়ানের পাতায় পাতায় যে কাব্যভাষা রেখে গেছেন, তা মানবমনের সব অদৃশ্য আকুতিকে যথার্থ ভাষা দেয়। ফার্সিভাষীরা তাই চোখ বন্ধ করে দিওয়ানে হাফিজের পাতায় আঙুল রাখলে কাঙ্ক্ষিত ভাষা খুঁজে পেয়ে যান। তেমনি বাঙালির জীবন জিজ্ঞাসার এমন কোনো বিষয় নেই, যা লিখে যাননি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।প্রেমিকের বিশেষ মুহূর্তের গোপন কথাটিও যেন তিনি কী করে জেনে গিয়েছিলেন। তিনি মুখে ভাষা তুলে দিতে আনাড়ি প্রেমিককে আহ্বান করেন, ‘সে কি আমার কুঁড়ির কানে/কবে কথা গানে গানে। ’
রবীন্দ্র জন্মের শতবর্ষ পরে আজও তাই কোনো প্রেমিক যখন ভাষা হারিয়ে ফেলে তখন রবীন্দ্রনাথের কবিতা ও গানই হয়ে ওঠে তার পরম আশ্রয়। ভাষা পাওয়া প্রেমিকমন তখন যেন কৃতজ্ঞতায় রবীন্দ্রনাথের গানই গুন গুন করে গেয়ে ওঠে, ‘তোমারি ঝরনাতলার নির্জনে/মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে’। প্রগতিশীল উর্দুভাষী কবি হামিদুল্লাহ আফসার বলতেন, যার এক হাতে ‘দিওয়ানে হাফিজ’ আরেক হাতে ‘গীতাঞ্জলি’, তার চেয়ে ধনী আর কে আছে!
আজ থেকে ৮১ বছর আগের এই দিনটিতে কবিগুরু পাড়ি জমান আরেক ভুবনে। ক্যালেন্ডারের হিসাবে দিনটি ছিল ২২শে শ্রাবণ। আনন্দ-বেদনায়, দুঃখে-হর্ষে, সংকটে, সংকল্পে, সংগ্রামে তাঁকে একান্ত আপন করে পায় বাঙালি। বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে বিশেষ মর্যাদার আসনে পৌঁছে দেওয়ার কীর্তি তাঁর। ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে/….তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি’—গানের পঙিক্ততে এভাবেই নিজের অমরত্বের আশাবাদ ব্যক্ত করে গেছেন রবীন্দ্রনাথ নিজেই। নিজের সৃষ্টির মধ্য দিয়ে তিনি বেঁচে আছেন বাঙালির মনের মণিকোঠায়।
মৃত্যুকে নিয়ে কি ভয় ছিল রবীন্দ্রনাথের? চলে যাওয়া নিয়ে কী ভাবতেন তিনি? এ ব্যাপারে অনেকভাবেই লিখেছেন তিনি। মৃত্যুর বছর দুয়েক আগে নিজের ডায়েরিতে তিনি লিখেছিলেন, ‘মরে যাবার পরেও লোকে কেন যে কামনা করে, তাদের নিয়ে হৈচৈ হোক, তাদের লেখার, কীর্তির গুণগান হোক। এত বড় মূর্খতা এই মানুষেরাই করে। এর চেয়ে বড় বোকামি আর কিছুতেই হতে পারে না। আরে, মরেই যদি গেলুম, তার পর তা নিয়ে কী হলো না হলো, তা নিয়ে কী এলো আর গেল। লিখছি, নিজে আনন্দ পাচ্ছি; এই তো যথেষ্ট। এর চেয়ে বেশি চাওয়া আর কাকে বলে। ’
Leave a Reply