যশোরের চৌগাছায় মাদরাসাছাত্র মারুফ হোসেন হত্যামামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছে মারুফের পরিবার। রায়ের পর আসামি ও তাদের স্বজনদের অব্যহত হুমকির মুখে বাড়ি প্রায় বাড়ি ছাড়া গোটা পরিবার। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন মারুফের মা আবিরন নেসা ও ভাই ফারুক হোসেন।
গত বুধবার (৩ মে) হাইকোর্ট মারুফ হত্যা মামলায় চার আসামির ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
লিখিত বক্তব্যে নিহত মারুফ হোসেনের ভাই ফারুক হোসেন বলেন, তার ছোট ভাই মারুফ হোসেন ২০১৬ সালের ১০ আগস্ট নিখোঁজ হয়। এর ছয়দিন পর ১৬ আগস্ট তার খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করা হয়।
খুলনা দ্রুতবিচার ট্রাইব্যুনালে ২০১৯ সালের ২৬ মে এই হত্যা মামলায় সব আসামিকে খালাস দেয়া হয়। এরপর বাদী আবিরন নেসা হাইকোর্টে আপিল করেন।

এ আপিল আংশিক মঞ্জুর করে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (৩ মে) চারজনকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
ফারুক হোসেন দাবি করেন, রায়ের পর থেকে আসামিরা ও তাদের স্বজনরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। গত ৪ মে আসামিরা তাদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করতে উদ্যত হয়। পরে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় পরদিন ৫ মে তারা চৌগাছা থানায় জিডি করেছেন।
যে চার আসামিকে হাইকোর্ট মৃত্যুদণ্ড দিয়েছেন তারা হলেন, চৌগাছা উপজেলার স্বর্পরাজপুর গ্রামের মো. সুলাইমান মণ্ডল, আবুল বাশার, মো. বাবু ও আজাহারুল ইসলাম ওরফে বুড়ো এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মো. হজরত আলী মণ্ডলকে।
মামলার বাদী আবিরন নেসা বলেন,

জমিজমা নিয়ে বিরোধে আসামিরা তার ছোট ছেলেকে টুকরো টুকরো করে হত্যা করেছে। মামলার তদন্ত কর্মকর্তাকে ম্যানেজ করে খুলনায় রায় পক্ষে এনেছে। কিন্তু আপিল মামলার রায়ে হাইকোর্ট চারজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এখন আসামিরা বেপরোয়া হয়ে হুমকি ধামকি দিচ্ছে। তিনি দ্রুত মারুফ হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানান।
এই বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, বিষয়টি তার জানা নেই। বিষয়টি নিয়ে তারা দ্রুত ব্যবস্থা নেবেন।
সংবাদ সম্মেলণে আরও উপস্থিত ছিলেন মারুফের ভাই মেহেদী হসান, চাচা মোহাম্মদ আলী, চাচাতো ভাই বাধন, তৌকির আহম্মেদ রনি, শৈকত হোসেন, দুলাভাই সাইফুল ইসলাম প্রমুখ।
সূত্র: অনলাইন ডেস্ক
Leave a Reply