নিজস্ব প্রতিবেদক :
যশোর শহরের ঘোপ জেলখানা রোডের সিএমসি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফারুক হোসেনকে ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা।

আহতের দাবি, ১০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তার ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। ফারুক হোসেন ঝিনাইদহের কালীগঞ্জের গাতিবিলা গ্রামের রুস্তম হোসেনের ছেলে। বর্তমানে জেলখানা রোডে ভাড়া থাকেন।
আহত ফারুক হোসেন জানান, তার প্রতিষ্ঠান সিএমসি ডায়াগনস্টিক সেন্টারে এসে স্থানীয় সন্ত্রাসী হৃদয় ও রাকিব ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল।

বুধবার সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা দাবিকৃত চাঁদা আদায় করতে তার প্রতিষ্ঠানের সামনে আসেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় হৃদয়, রাকিবসহ অজ্ঞাত পরিচয়ের চার-পাঁচজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, আহতের দু’পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply