যশোর শহরের খড়কি এলাকায় পিতা-পুত্রসহ তিনজনকে মারপিটের ঘটনায় সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন খড়কি দক্ষিণপাড়ার আবুল কালামের ছেলে মনিরুল ইসলাম ।
আসামিরা হলেন,খড়কি দক্ষিণপাড়ার লুৎফর রহমানের ছেলে খায়রুজ্জামান লিপ্টন ও সবুজ হোসেন, জিহাদ আলী গাজীর ছেলে রিন্টু গাজী, খলিলুর রহমানের ছেলে রিফাত হোসেন, রফিকের ছেলে লিপু, ইসমাইলের ছেলে ইমরান হোসেন ও সাদেকের ছেলে রায়হান। পুলিশ লিপ্টনকে আটক করেছে।
এজাহারে মনিরুল ইসলাম উল্লেখ করেছেন, গত ২ মার্চ বিকেল পৌঁনে ৫টার দিকে তিনি ও একই এলাকার বাবর আলীর ছেলে কালাম হোসেন মসজিদে আছরের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের সাথে দেখা হলে তারা তাদেরকে গালিগালাজ করে ও হুমকি দেয়। নামাজ আদায় শেষে আসামি লিপ্টনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কালামকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওইসময় তিনি এবং কালাম নিষেধ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাদের মারপিট করে। এতে কালামের হাতের তিনটি আঙ্গুল ভেঙে যায়। আহত কালামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কালামের ছেলে বিল্লাল হোসেন তার পিতাকে দেখে হাসপাতাল থেকে রাত ৮টার দিকে বাড়ি ফেরার সময় তাকেও মারপিট করে তারা। তার নাকে মুখে ও চোখে আঘাত করে জখম করা হয়।

Leave a Reply