‘রাখলে তুমি মাথায় হাত চিন্তা হয় দূর, মাগো তুমি আমার প্রাণের মিষ্টি মধুর সুর’ মাকে ছাড়া জীবন অচল, নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মুহূর্র্ত নির্জন জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম। মায়ের আশীর্বাদে কঠিন পরিস্থিতিও হয় সহজ। মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত। আর তাই প্রিয় মাকে শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মান জানাতে ১৫ বছর আগে শুরু হয় এক কর্মযজ্ঞ। জীবনের পড়ন্ত বেলায় অসহায়ত্ব নয়, মায়ের শেষ সময়টুকু আনন্দময় করতে নেওয়া হয় নানা ধরনের উদ্যোগ।
উৎসব-পার্বণগুলোতে মাকে উপহার সামগ্রী দেয়া ছাড়াও স্বাবলম্বী ও উদ্যমী করতে জয়তী সোসাইটি বছরের বিভিন্ন সময়ে দিয়ে আসছে গরু ছাগলসহ নানা ধরনের সাহায্য সহযোগিতা। এমনিভাবে তাদের এ কর্মসূচিতে যুক্ত করা হয়েছে আরও ৪০০ মাকে। নিজেদের এই পথচলায় ভবিষ্যতে আরও অনেক মাকে সাথে নেওয়ার প্রত্যয় জয়তী সোসাইটি কর্তৃপক্ষের।

‘বৃদ্ধাশ্রম নয় পরিবারই হোক বয়স্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম’ এ স্লোগান নিয়ে জয়তী সোসাইটি যশোর ২০০৮ সালের ৮ মার্চ শুরু করে ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচী।
১১৩ জন মাকে সাথে নিয়ে শুরু হলেও সময়ের আবর্তে তা এখন ৪০০ মায়ের বিশাল এক পরিবার। বুধবার প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে জয়তী সোসাইটির উদ্যোগে এসব মাকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির সভাপতি আজাদুল কবির আরজু। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। শুভেচ্ছা বক্তৃতা করেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস ও ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য কাজী লুৎফুন্নেসা।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মুনা আফরিন,সহকারী জেলা শিক্ষা অফিসার জিএম জুলফিকার আব্দুল্লাহ, অ্যাডভোকেট তজিবর রহমান, ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচীর সহসভাপতি অ্যাডভোকেট সালেহা বেগম, সহসম্পাদক অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস, সদস্য দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু,
জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এজেডএম সালেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, নাসিব সভাপতি সাকির আলী, সমাজসেবক রফিকুল ইসলাম ও ব্যবসায়ী সাইফুজ্জামান মজু। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের সভাপতি নুরুল ইসলাম, সদস্য রাফফাত আরা ডলিসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে ৪০০ মাকে শাড়ি, পেটিকোট, ব্লাউজ, চাল, ছোলা, চিনি, চিড়া ও মুড়ি দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার। অনলাইন ডেস্ক

Leave a Reply