নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় যশোর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যানসেলসহ চারজনকে আটক করেছেন যশোর পুলিশ। রোববার (৫ মার্চ) দুপুরে যশোর রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি সুব্রত শেখর জানান, ম্যানসেল তাদের কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর তাকে কিছু ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তার থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আলামিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। এ সময় অফিসের প্রধান কর্মকর্তা মুনা আফরিন আলামিনকে ডাক দিলে তিনি মেশিনটি চালু না করে দিয়েই চলে যান। এরপর ম্যানসেল ও তার সাথে থাকা লোকজন আলামিনকে ডেকে মারপিট করেন। চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে তার সাথেও দুর্ব্যবহার করা হয়।
এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, আমি এই মুহূর্তে থানায় আছি। এ বিষয়ে পরে কথা বলবো।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার অভিযোগের পর অভিযান চালিয়ে ম্যানসেল ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply