আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলার ৭নং দরাজহাট ইউনিয়নে বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এমএ মানিক।
ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়, কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তিনি নিজের নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।
কখনো মসজিদে, কখনো মন্দিরে, আবার কখনো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও চায়ের দোকানে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে। বিরামহীনভাবে ছুটে চলছেন ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন, জানছেন এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথা। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন এবং জনসেবায় নিজের পরিকল্পনার কথাও তুলে ধরছেন তিনি।
এমএ মানিকের এই ধারাবাহিক গণসংযোগে স্থানীয় মানুষের মধ্যে বেশ সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন বয়স ও পেশার মানুষের সঙ্গে তার আন্তরিক যোগাযোগ নির্বাচনী মাঠে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এমএ মানিক বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। দরাজহাট ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।
নির্বাচিত হতে পারলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি আরও বলেন, আমি কথায় নয়, কাজে মানুষের আস্থা অর্জন করতে চাই। সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।
এলাকার সচেতন মহলের মতে, নির্বাচনের আগে এমএ মানিকের এই ধারাবাহিক জনসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি
যোগাযোগ নির্বাচনী মাঠে তার অবস্থানকে আলোচনায় নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, আগামী দিনে ভোটের মাঠে এই গণসংযোগ কতটা জনসমর্থনে রূপ নেয়।




Leave a Reply