যশোর শার্শা উপজেলা এলাকায় আলাদা অভিযান চালিয়ে ৯৯ বোতল কফ সিরাপ ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ফয়সাল আহম্মেদ ইমন ও শিপন মোড়ল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শনিবার ১৪ নভেম্বর রাতে উপজেলার পশ্চিমকোটা ও শিকারপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ১৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়।
এ সময় ওই গ্রামের শাহজাহান সরদারের ছেলে ফয়সাল আহম্মেদ ইমনকে আটক করেন। পরে তাঁর বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল উইনক্রেক্স ও ২০ বোতল ইসকফ কফ সিরাপ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, একই রাত পৌনে ১২টার দিকে শার্শা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের অপর একটি দল শিকারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় শিকারপুর বাজারের বটতলা থেকে নারিকেল বাড়িয়াগামী পাকা সড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে স্থানীয় লোকজনের সহায়তায় শিপন মোড়লকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছেন, আটকের সময় শিপন মোড়লের হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি শিকারপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। মাদক উদ্ধারের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে শার্শা থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে।


Leave a Reply