যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম অগ্রভুলোটে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সভায় সীমান্ত দিয়ে অর্থের বিনিময়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গ্রামভিত্তিক কমিটি গঠন এবং নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় অগ্রভুলোট মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, ভারতে অবস্থান করে স্বৈরাচারী নেত্রী হুঙ্কার দিচ্ছেন, ডিসেম্বর মাসে বেনাপোল দিয়ে বাংলাদেশে আসবেন। কিন্তু তিনি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দা হিসেবে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
প্রতিটি গ্রামে কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে, যাতে অর্থের বিনিময়ে সীমান্ত দিয়ে কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি সুবিধা নিতে পারবে না।
সভায় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম,
বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সীমান্তের নিরাপত্তা, সাংগঠনিক ঐক্য ও নেতাকর্মীদের সতর্ক অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


Leave a Reply