যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা গত মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তার উপস্থিতিতে বিদ্যালয়ে তদন্ত চলাকালে একদল ব্যক্তির বিরুদ্ধে মব সৃষ্টি করে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানায়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম, সহকারী শিক্ষক শেখ আবু নাসের এবং দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার, নাফিস, পিয়াল ও হাসান।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অধীনে প্রায় ৩০ থেকে ৪০টি দোকান রয়েছে। এসব দোকানের কয়েকজন ব্যবসায়ীর কাছে ভাড়া বাবদ ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বকেয়া রয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেছা ও শিক্ষকেরা বকেয়া ভাড়া পরিশোধের জন্য দোকানিদের তাগাদা দেন।
এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকটি দোকানে তালা দেওয়ার ঘটনাও ঘটে। এর জের ধরে তদন্ত চলাকালে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।মানববন্ধনে শিক্ষার্থীরা, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দেয়।


Leave a Reply