যশোরে নাশকতার পৃথক মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া বিনিময়পাড়ার আশরাফ আলী সরদারের ছেলে আব্দুর রশিদ, শহরের বেজপাড়া তালতলা এলাকার শফিকুল ইসলাম সিরাজের ছেলে শহিদুল ইসলাম সুজন (৩১),
উপশহর এস ব্লক এলাকার রওশন আলীর ছেলে নাসিম আহম্মেদ (২৬) এবং সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের খোরশেদ আলমের ছেলে জাহিদুল ইসলাম।
সদর পুলিশ ফাঁড়ির এস আই নুর উন নবী সাংবাদিকদের বলেন, গত ১ নভেম্বর ভোরে শহরের লালদীঘির পাড় থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি মাইকপট্টি হয়ে সাবেক কাউন্সিলর হাজি সুমনের বাড়ির সামনে যায়। এ ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি আব্দুর রশিদ ও শহিদুল ইসলাম সুজনকে মঙ্গলবার নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অন্যদিকে,কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অমৃত লাল দে জানান,২০২৫ সালের ২৯ অক্টোবর রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি দোকানে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির জন্য ব্যানার তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি নাসিম আহম্মেদকে সোমবার রাতে আটক করা হয়।
এ ছাড়া, গত ৩১ জুলাই যশোর সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এলাকায় নাশকতার পরিকল্পনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল করার অভিযোগে দায়ের করা মামলায় জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক চারজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Leave a Reply