যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে বেনাপোলের আব্দুল মালেককে পাঁচ বছর এবং অভয়নগরের শফিকুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ লস্কর সোহেল রানা এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফছা পৃথক রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ আগস্ট বিজিবি বেনাপোলের বড়আঁচড়া গ্রামের আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে ১৩২ পিস ইয়াবা উদ্ধার করে।
এ মামলায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে,
২০১৬ সালের ১ সেপ্টেম্বর র্যাব-৬ অভয়নগরের নওয়াপাড়া মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে শংকরপাশা গ্রামের শফিকুল ইসলামের কাছ থেকে ২৬ লিটার চোলাই মদ উদ্ধার করে।
এ মামলায় তাঁকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শফিকুল জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।


Leave a Reply