যশোরের মনিরামপুর উপজেলার খাটুরা বাওড় থেকে মাছ আহরণ ও বিক্রির অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতি। রোববার (৮ নভেম্বর) দুপুরে সমিতির সদস্যদের পক্ষে আলতাফ হোসেনের নেতৃত্বে মৎস্যজীবীরা স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি গ্রহণ করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্মারকলিপিতে মৎস্যজীবীরা উল্লেখ করা হয়, বাওড়ের পার্শ্ববর্তী পাঁচটি গ্রামের ১০১ জন ভূমিহীন সদস্য নিয়ে সমিতিটি গঠিত। ২০২৪ সালের ১৪ মে সদস্যদের উপস্থিতিতে নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যা তৎকালীন স্থানীয় সংসদ সদস্য অনুমোদন করেন।
সমিতির দাবি,খাটুরা বাওড়সহ আটটি বাওড় ইজারার দরপত্র কার্যক্রমের বিরুদ্ধে ২০২০ সালে হাইকোর্টে রিট করা হয়। পরবর্তীতে আদালত দরপত্র কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। এছাড়া পরবর্তী কয়েকটি রিটের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন ও কমিটি অনুমোদনের বিষয় নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়।
আবেদনে আরও অভিযোগ করা হয়, গত ৬ এপ্রিল সমিতির উদ্যোগে বাওড়ে মাছ আহরণ শুরু হলে স্থানীয় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,মকবুলসহ কয়েকজনের সহযোগিতায় বহিরাগত ব্যক্তিরা এতে বাধা সৃষ্টি করে। পরদিন ৭ এপ্রিল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সাময়িকভাবে মাছ আহরণ বন্ধ রাখার নির্দেশ দেয়। এরপর থেকে মাছ আহরণ বন্ধ রয়েছে।
সমিতির সদস্যদের দাবি, মাছ আহরণ বন্ধ থাকায় বাওড়ের ওপর নির্ভরশীল ১০১টি পরিবার আর্থিক সংকটে পড়েছে। এ অবস্থায় সংশ্লিষ্টদের বাধা প্রদান থেকে বিরত রাখাসহ চলতি মৌসুমে বাওড় থেকে মাছ আহরণ ও বিক্রির অনুমতি দিতে জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
যশোর জেলা প্রশাসনে স্মারকলিপি পেশ করতে এসে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ আলতাব হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, মোঃ আইয়ুব হোসেন, আব্দুল হক, আব্দুল জলিল, আব্দুল কাদের, লুৎফর রহমান, কামাল হোসেন, সৈয়দ আলী ও সিরাজ মিয়া।
Leave a Reply