যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর–বসুন্দিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলাবোধ জোরদার এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার একাডেমিক সুপারভাইজার ও ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রভাষক গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রছুল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম শেষ হয়।



Leave a Reply