যশোরের বাঘারপাড়া উপজেলার ৬ নম্বর দোহাকুলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খলসি গ্রামে মিরবাড়ি থেকে পুরাতন কেন্দ্রীয় ঈদগাহগামী সড়কের পাশের ৯টি গাছ কাটা ও বিক্রিকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সৈয়দ রফিকুজ্জামানের ছেলে সৈয়দ দিলু হোসেন (৬০) সড়কের পাশের ৫টি আম ও ৪টি মেহগনি গাছ বিক্রি করেছেন।
গাছগুলোর আনুমানিক বাজারমূল্য দেড়- দু লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। গাছগুলো ক্রয় করেছেন উপজেলার চাড়াভিটা বাজারের কাঠ ব্যবসায়ী ও খলিমপুর গ্রামের বাসিন্দা সেলিম হোসেন।
স্থানীয়দের দাবি, কাটা গাছগুলো পাকা সড়ক থেকে মাত্র এক থেকে দেড় ফুট দূরে অবস্থিত ছিল। এ কারণে গাছগুলো সড়কের সরকারি জায়গার মধ্যে পড়েছে কি না,
তা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি বা জনসাধারণের ব্যবহৃত সড়কের জায়গায় থাকা গাছ যথাযথ অনুমতি ছাড়া কাটা হয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি।
তবে তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার একজন সার্ভেয়ার পাঠিয়ে গাছগুলোর অবস্থান ও জমির সীমানা পরিমাপ করা হবে। পরিমাপে গাছগুলো সড়কের জায়গার মধ্যে পড়েছে বলে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গাছ বিক্রেতা সৈয়দ দিলু হোসেনের সঙ্গে সরেজমিনে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ফলে গাছ বিক্রির বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এখন এলাকাবাসীর অপেক্ষা প্রশাসনের সরেজমিন তদন্তের দিকে। পরিমাপের মাধ্যমে গাছগুলোর প্রকৃত অবস্থান ও মালিকানা সম্পর্কে কী তথ্য উঠে আসে, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply