দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজের অপরিসীম উদ্যোগ ,সম্ভাবনাময় মেধা ও উদ্ভাবনী শক্তি দেশের আর্থসামাজিক উন্নয়ন ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর সংকল্প নিয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণ ও ন্যায় সংগত সমাজ গঠনে যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকা উপর জোর দিয়ে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যুবসমাজের অপরিহার্য সম্পৃক্ততার প্রেক্ষাপটে যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হল জাতীয় যুব দিবস-২০২৬ ।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং গাছের চারা বিতরণ করা হয়।১ নভেম্বর রবিবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।স্বাগত বক্তব্যে যুব দিবসের লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন যে সকল যুব ও যুব মহিলা নিজের দক্ষতা কাজে লাগিয়ে সফল হয়েছে, তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তর যুব পুরস্কার প্রদান করে থাকে। এছাড়া নিবন্ধিত যুব সংগঠনকে যুব কল্যাণ তহবিল হতে অনুদান প্রদান করা হয়।
এভাবে আগামী দিনে সবার জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদের অনুপ্রাণিত করতে যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের নিয়ে কাজ করে থাকে।তিনি আরো বলেন বেকার যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ও দক্ষতা বৃদ্ধির জন্য গবাদি পশু, হাঁসমুরগি, ব্লক বাটিক, ব্লক প্রিন্টিং প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, গাভী পালন ,হস্তশিল্প সহ ৩৩ টি প্রতিষ্ঠানিক কোর্সে এবং পারিবারিক হাঁস মুরগি পালন ,গরু মোটাতাজাকরণ, ফুল চাষ ,মাশরুম চাষ সহ ৪১টি অপ্রতিষ্ঠানিক কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয়।
ঝিকরগাছা শিশু পরিবারের প্রশিক্ষক টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, নারী আসনের জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা(এমপি)’র প্রতিনিধি স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, ফায়ার ও সিভিল ডিফেন্স কর্মকর্তা শামসুর রহমান,ছাত্র প্রতিনিধি আখি খাতুন, যুব উদ্যোক্তা নজরুল ইসলাম ও যুব নারী উদ্যোক্তা মেহেরুন্নেসা। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, আরডিও শাহ আলম ও জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি,যুব ও যুবনারী উদ্যোক্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গ ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠান শেষে নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ যুবসমাজকে আত্মকর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে তহুরা হস্তশিল্প প্রকল্প, আরাফাত ইসলাম আরিফ কম্পিউটার ডট প্রকল্প, মিতা গবাদিপশু প্রশিক্ষণ প্রকল্প সহ দশটি প্রকল্পের ১০ জন উদ্যোক্তাকে ১১ লক্ষ ৫০ হাজার যুব ঋণের চেক, সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে গাছের চারা বিতরণ করেন।

Leave a Reply