যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে বাহিরঘাট ব্লাড ব্যাংক। এতে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে আয়োজকদের পক্ষ থেকে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত শিক্ষকের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি অপরাধে সহযোগিতা, আলামত নষ্ট এবং ভুক্তভোগী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি তোলা হয়।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হওয়ার কথা। সেখানে এমন গুরুতর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা,
শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষাব্যবস্থা জোরদার করা এবং ভুক্তভোগী শিশুর ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Leave a Reply