যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। ২৭ অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিকুজ্জামান সোনাকুড় গ্রামের আছিরউদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার গভীর রাতে সোনাকুড় গ্রামের নজরুল (৫০), ফজলুর রহমান (৪৫), মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) নিহতের বসতবাড়িতে ঢুকে হামলা চালায়। এতে আশিকুজ্জামান, তাঁর ভাই আশরাফুজ্জামান (৫০) ও বাবা আছিরউদ্দিন (৭০) আহত হন।
পরে স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর ১৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৮ অক্টোবর বুধবার রাত ১টা ২০ মিনিটে আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করা হয়।
আহত আশরাফুজ্জামান ও আছিরউদ্দিন হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে একই ঘটনায় অভিযুক্ত পক্ষের ফজলুর রহমানও আহত হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহত আশিকুজ্জামানের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন উক্ত ঘটনায় ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের ও দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply