যশোর জেলায় পুলিশের ৩ থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদানের আদেশ দেয়া হয়েছে। একই সাথে আরো ৪ পুলিশ পরিদর্শককে জেলায় পুলিশের বিভিন্ন ইউনিটে বদলী করা হয়েছে। ২৬ অক্টোবর সোমবার যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের এক আদেশে এই রদবদল করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেছেন। বদলীর তালিকায় যশোর কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার অফিসার ইনচার্জ,
যশোর সদর কোর্ট পুলিশ পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট অফিসার ইনচার্জ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক জিয়াউর রহমানকে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
একই সময় আদেশে চৌগাছা থানার ওসি মো. মামুনুর রশিদকে যশোর পুলিশ অফিসের ক্রাইম অ্যান্ড অপস শাখায়, বাঘারপাড়া থানার ওসি নাজমুল হাসানকে যশোর পুলিশ কন্ট্রোল রুমে এবং বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেনকে ক-সার্কেল অফিসে বদলি করা হয়েছে।
অন্যদিকে, যশোর পুলিশ অফিসের ক্রাইম অ্যান্ড অপস শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক মোছা. রোকসানা খাতুনকে সদর কোর্ট পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে বদলীর আদেশ দেওয়া হয়েছে।

Leave a Reply