পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার শেষবিদায়ে গার্ড অব অনার ও জানাজা আয়োজনে বাধা দেওয়ার অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল জাগপার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামুদ্দিন অমিত।
এক বিবৃতিতে তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর শেষবিদায়ে যে সম্মান পাওয়ার কথা, তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অথচ পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের বাধার মুখে ওই মুক্তিযোদ্ধার পরিবারকে গভীর দুর্ভোগের শিকার হতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এমনকি পরিবারের সদস্যদের রাতের আঁধারে মোবাইলের আলো জ্বালিয়ে কবর খুঁড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি।
নিজামুদ্দিন অমিত বলেন, একজন মুক্তিযোদ্ধার প্রতি এমন আচরণ ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় মূল্যবোধের জন্য অত্যন্ত দুঃখজনক। এ পরিস্থিতিতে সরকারের উচিত ছিল মুক্তিযোদ্ধার পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁর যথাযথ সম্মানজনক বিদায় নিশ্চিত করা।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মানিক পশারী প্রধান বাদী ও সাক্ষী ছিলেন বলে উল্লেখ করা হয়। বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের সঙ্গে আচরণের বিষয়েও মন্তব্য করেন।
একজন মৃত ব্যক্তির সঙ্গে এমন আচরণের অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিজামুদ্দিন অমিত বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply