যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের দেবীনগর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে উপহারসামগ্রী তুলে দিয়েছেন বিএনপির কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টুসহ থানা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, বাংলাদেশ আমাদের সবার। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকার নিয়ে বেঁচে থাকার সুযোগ থাকতে হবে।
ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসাই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি।
আমি বিশ্বাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই মিলেমিশে বসবাস করব। একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াব।
কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আসুন, আমরা ভেদাভেদ ভুলে ঐক্য, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজনে পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত রাখা প্রয়োজন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দেবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে পড়ে।



Leave a Reply