যশোরের বাঘারপাড়া উপজেলার ৭ নম্বর দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মানিক দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) তিনি ইউনিয়নের আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে অর্ধশতাধিক মোটরসাইকেলের একটি শোভাযাত্রা ছিল। পূজামণ্ডপগুলোতে তিনি ব্যক্তিগত অর্থসহায়তাও প্রদান করেন।
পরিদর্শনকালে এম এ মানিক পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন এবং দর্শনার্থীদের নিরাপত্তার খোঁজখবর নেন। এ সময় মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে স্বাগত জানান। তাঁকে ঘিরে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।
এম এ মানিক বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবেন এটাই আমাদের প্রত্যাশা।
দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি ও ঐক্যেরও প্রতীক। এই উৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, আমি দরাজহাট ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সম্প্রীতিপূর্ণ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।
মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাকে আমি নিজের দায়িত্ব মনে করি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করছে। এম এ মানিকের এই পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁর এ উদ্যোগকে অনেকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

Leave a Reply