যশোরের বাঘারপাড়ায় সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েকটি পরিবারের কাছ থেকে ১৩-১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মামুন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। টাকা ও পাসপোর্ট ফেরত না পেয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।
তাঁদের অভিযোগ, বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হলেও মাসের পর মাস পার হয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি।
অভিযুক্ত মামুন উপজেলার দরাজহাট গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন দোহাকুলা ইউনিয়নের শালবরহাট গ্রামের ইমরান হোসেন, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের খালেক (পিয়াজী) ও পাকেরালী গ্রামের আল-আমিনসহ কয়েকজন।
ভুক্তভোগী ইমরান হোসেন জানান, সৌদি আরবে পাঠানোর কথা বলে প্রায় ১৩ মাস আগে আত্মীয় মামুনকে তিন লাখ টাকা দেন তিনি। চুক্তি অনুযায়ী, প্রথম দফায় ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১ লাখ ৩০ হাজার,
দ্বিতীয় দফায় ১৫ অক্টোবর ৭০ হাজার এবং তৃতীয় দফায় ৫ নভেম্বর ১ লাখ টাকা দেন। একইভাবে খালেক তিন লাখ ও আল-আমিন আড়াই লাখ টাকা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, দুই থেকে তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর কথা থাকলেও এখন পর্যন্ত কাউকে পাঠানো হয়নি। গত বৃহস্পতিবার টাকা ও পাসপোর্ট ফেরত চাইতে মামুনের বাড়িতে গেলে ইমরানকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ অবস্থায় টাকা ও পাসপোর্ট ফেরতসহ ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে তাঁরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মামুনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Leave a Reply