যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে হযরত আলী (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোগা ইউনিয়ন শাখার স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পাঁচভূলাট মাঝেরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হযরত আলীকে আটক করেন।
গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে তাঁকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।
এর এফআইআর নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩০২। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক হযরত আলীকে বুধবার পুলিশ
প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply