যশোর সদর উপজেলার কচুয়া নতুন বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে এক নারীকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে মুখে আঘাত,গলা চেপে হত্যাচেষ্টা ও বসতঘরে হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় খাদিজা খাতুন (৩৮) নামে এক নারী যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে খাদিজা খাতুন উল্লেখ করেন, গত ২৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে কচুয়া নতুন বাজারের মোল্যাপাড়ায় নিজ বাড়িতে তিনি একা ছিলেন। এ সময় অভিযুক্তরা লোহার রড, দা,
এসএস পাইপ ও লাঠিসোঁটা নিয়ে তার ঘরে অনধিকার প্রবেশ করেন। একপর্যায়ে অভিযুক্ত শহিদ (৪৩) তাকে ঘুষি মেরে আহত করেন এবং পরে ধারালো দা দিয়ে মুখে আঘাত করে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী,অপর অভিযুক্ত সাবানা বেগম (৩৫) তাকে এলোপাতাড়ি মারধর ও চুল ধরে টানাহেঁচড়া করেন। সালেহা বেগম (৬০) তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ সময় তার পরনের পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা, ঘরবাড়ি ভাঙচুর এবং ঘরে থাকা গরু বিক্রির ২০ হাজার টাকা ও মূল্যবান আসবাবপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
খাদিজার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শহিদ,তার স্ত্রী সাবানা বেগম ও সালেহা বেগমসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন খাদিজা খাতুন। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগের বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আব্দুস সালাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply