যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস শীর্ষক সেমিনারের আয়োজন করে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং ঢাকার ইউএসএ অ্যাম্বাসি। এতে সহযোগিতা করে জাস্ট ক্যারিয়ার ক্লাব।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তথ্যসমৃদ্ধ ও আত্মপ্রত্যয়ী শিক্ষার্থীরাই নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারে। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে শিক্ষার্থীদের দেশে ফিরে আসার আহ্বান জানান তিনি।
অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, জীবনের প্রতিকূলতা ও ব্যর্থতার অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তর করতে পারলেই চূড়ান্ত সাফল্য অর্জন সম্ভব।
সেমিনারে বক্তা ছিলেন ঢাকার ইউএসএ অ্যাম্বাসির শিক্ষাবিষয়ক উপদেষ্টা রিফাত স্বপ্নীল ও সায়নান রহমান। তাঁরা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ও পিএইচডিতে ভর্তির বিভিন্ন ধাপ,
স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), রিকমেন্ডেশন লেটার, জিআরই, টোফেল বা আইইএলটিএস প্রস্তুতি এবং অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়ে আলোচনা করেন।
সেমিনারে যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব ও নাবিলা ইয়াসমিন ইশা।

Leave a Reply