মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন মা-বাবা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ মনিরুল শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেললাইনের পাশ থেকে তাকে আটক করা হয়। মনিরুল ওই গ্রামের আব্দুস সালাম শেখ ও মনোয়ারা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। মাদক কেনা ও নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে তাঁর মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ মনিরুলকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
ইউএনও শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। অভিযোগের পর অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। শুনানি শেষে আইন অনুযায়ী তাকে সাজা দেওয়া হয়েছে।

Leave a Reply