ভারতে বসবাসকারী নারীর স্বাক্ষর জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ৩০৭ শতক জমির আমমোক্তারনামা এবং দলিল করে নেওয়ার অভিযোগে অভয়নগর ও শার্শার সাবরেজিস্ট্রারসহ নয়জনের বিরুদ্ধে যশোর জেলা ও দায়রা জজ আদালতে মামলা হয়েছে। অভয়নগরের মহাকাল গ্রামের মৃত ফকির আহম্মেদ সরদারের ছেলে আমজাদ হোসেন দুর্নীতি প্রতিরোধ আইনে এ মামলা করেছেন।
এর আগে তিনি গত ৪ নভেম্বর দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর কার্যালয়ে এ বিষয়ে একটি অভিযোগ দেন। একই ঘটনায় আদালতে মামলা করায় বৃহস্পতিবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. কবির উদ্দিন প্রামানিক দুদকে দেয়া অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা মর্মে ২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন আকারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন দুদক উপপরিচালককে। প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে এদিন মামলা গ্রহণের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
আসামিরা হলেন,নওয়াপাড়ার সাবেক সাবরেজিস্ট্রার ও বর্তমানে বাঘারপাড়ার সাবরেজিস্ট্রার হিসেবে কর্মরত রিপন মুন্সি, শার্শার সাবরেজিস্টার অঞ্জু দাস, দলিল লেখক শাহিন হোসেন, রাজঘাটের মৃত দবির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান, গোয়াখোলা গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে আবু দাউদ, মোয়াল্লেমতলা গ্রামের শেখ ইসহাকের ছেলে আরিফুল ইসলাম, যশোর সদর ঘুনী গ্রামের ছামশের মোল্লার ছেলে হাবিবুর রহমান,শহরের বিমানবন্দর সড়কের শরিতুল্লা দফতরির ছেলে সোহেল আহম্মেদ ও চাঁচড়া রায়পাড়ার নুরুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়, অভয়নগরের মহাকাল গ্রামের আমজাদ হোসেন ও তার তিন ভাই মৃত মোবারেক মোড়লের স্ত্রী রহিমননেছা ওরফে রহিমা খাতুন, সালেহ আহম্মদ দফতরির স্ত্রী মমতাজ বেগম ও আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মালেকা খাতুনের কাছ থেকে বিভিন্ন সময় বেশকিছু পরিমাণ জমি রেজিস্ট্রি দলিল করে ভোগদখল করে আসছেন। এর মধ্যে মফিজুল ইসলাম ও দলিল লেখক শাহিন ষড়যন্ত্র করে আমডাঙ্গা মৌজার কয়েকটি দাগের মোট ১৫৬ শতক ধানি জমি ভারতের পশ্চিমবঙ্গের চাকদা থানার সাটুরাহাটখোলায় বসবাসরত সালেহ আহম্মেদ দফতরির স্ত্রী মমতাজ বেগমের স্বাক্ষর জাল করে হাফিজুর রহমান দু’ সাবরেজিস্ট্রারকে অনৈতিক সুবিধা দিয়ে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর তিনটি আমমোক্তারনামা তৈরি করে নেন। একইভাবে আবু দাউদ অন্যদের সহযোগিতায় আমডাঙ্গা মৌজার ১৬৮ শতক, মহাকাল মৌজার ১৩৯ দশমিক ৫০ শতক জমির জাল মালিকানা সৃষ্টি করে ।
আসামি আবু দাউদ গত ১২ অক্টোবর সকলের সহযোগিতায় জালিয়াতি করে মহাকাল মৌজার ৫০ শতক জমি ও আমডাঙ্গা মৌজার আরও ১৫৬ শতক জমি দলিল করে নেন। এছাড়া, আবু দাউদ একইদিনে আমডাঙ্গা ও মহাকাল মৌজার আরও ১০১ দশমিক ৫০ শতক জমি জালিয়াতি করে দলিল করে নেন। বিষয়টি জানতে পেরে জমির ভোগদলকারীদের পক্ষে আমজাদ হোসেন থানায় অভিযোগ দিলে তা গ্রহণ না করায় তিনি গত ৪ নভেম্বর দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ে অভিযোগ দেন।সংগ্রহ

Leave a Reply