প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আইনজীবী, প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক অ্যাডভোকেট তৌহিদুর রহমান আর নেই। রোববার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৯৩৬ সালের ২২ জুন নড়াইলের মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট তৌহিদুর রহমান। ১৯৫৩ সালে যশোরে আয়কর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পেশাগত জীবনের পাশাপাশি ১৯৬০ সাল থেকে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হন।
প্রথমে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এবং পরবর্তীতে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি যশোরের সংবাদজগতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আইন ও সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন অ্যাডভোকেট তৌহিদুর রহমান। তিনি পিকেএসের সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্টের সাবেক ভাইস চেয়ারম্যান, লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর, আহাদ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক এবং যশোর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। মানুষের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি যশোরের মানুষের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।
তাঁর মৃত্যুতে সাংবাদিক, আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply