যশোর বয়স ভিত্তিক ফুটবলারদের পরিচিত মুখ রেদওয়ানুল ইসলাম রুম্মন। ফুটবল ম্যাচে অংশ নিয়ে একটি পা ভেঙে যাওয়াই যেন থমকে দিয়েছিল যশোর জেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের মিডফিল্ডার নামে সকলের কাছে পরিচিত মুখ রুম্মনের ফুটবলের জীবন। দর্শকভরা খেলার মাঠে ছুটে বেড়ানো সেই ছেলেটি হঠাৎ হাসপাতালের বিছানায় জায়গা হয়েছে। সামনে চিকিৎসার খরচ, পেছনে অনিশ্চিত হয়ে পড়া ক্যারিয়ার। ক্ষত স্থানের যন্ত্রণা সামলানোর পাশাপাশি তখন বড় হয়ে উঠেছিল আরেক প্রশ্নÑতার এই দুঃসময়ে পাশে দাঁড়াবে কে?
রুম্মনকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হয়নি। তাঁর চিকিৎসার খোঁজখবর থেকে প্রয়োজনীয় সহযোগিতাÑসবকিছুতেই পাশে দাঁড়ায় যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। মাঠে খেলোয়াড়ের পায়ের নিচে বল না থাকলেও, তাঁর স্বপ্ন যাতে থেমে না যায়Ñসেই লড়াইটাই যেন নিজেদের থেকে দায়িত্ব করে নিয়েছে সংগঠনটি।
অপর দিকে প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে অনেক খেলোয়াড়ই স্থানীয় গণ্ডির বাইরে যেতে পারেন না। সেই দরজা খুলে দেওয়ার চেষ্টা করেছে যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। যশোরের গোলকিপার বিল্লাল হোসেন তার একটি উদাহরণ।
বিল্লালকে বাংলাদেশের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়ারি ক্লাবের হয়ে খেলার সুযোগ করে দিয়েছে সংগঠনটি। একটি সুযোগ একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণÑবিল্লালের গল্প যেন তারই উদাহরণ।
শুধু রুম্মন বা বিল্লাল নন। যশোরের ফুটবলারদের অসুস্থতা, চোট, আর্থিক সংকট কিংবা ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার চেষ্টা করছে সংগঠনটি। যোগ্যতা অনুযায়ী ঢাকার বিভিন্ন লিগে খেলার সুযোগ করে দেওয়া,
প্রতিভাবানদের সামনে এগিয়ে দেওয়া, ফুটবল একাডেমিগুলোতে ক্রীড়া সামগ্রী দেওয়া এবং উৎসবের দিনে অসচ্ছল খেলোয়াড়দের হাতে উপহার তুলে দেওয়ার মতো কাজও করছে তারা। এছাড়া স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে দল গড়ে যশোরের খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিচ্ছেন।
যশোরের তৃণমূল পর্যায়ে কাজ একাডেমিগুলোকেও নিজেদের কার্যক্রমের অংশ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি। বিভিন্ন ফুটবল একাডেমিতে নিয়মিত ক্রীড়া সামগ্রী প্রদান করছে।
এর পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবেও অসচ্ছল ও দুস্থ খেলোয়াড়দের উপহার প্রদান করছে। উৎসবের আনন্দে যারা আর্থিক সংকটের কারণে পিছিয়ে থাকেন, তাদের মুখেও হাসি ফোটানোর চেষ্টা করছে সংগঠনটি।
যশোর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃত্বে রয়েছেন ফুটবল মাঠ থেকে উঠে আসা দুই পরিচিত মুখÑমহিবুল হাসান ইমন ও মান্নাফ রাব্বি। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা দুজনই যশোরের ফুটবলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।
ইমন ছিলেন যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির প্রথম ব্যাচের খেলোয়াড়। খেলেছেন যশোর জেলা দলে। পরবর্তী সময়ে জেলা দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন।
আর মান্নাফ রাব্বি খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলেও। ফলে মাঠের লড়াই যেমন তারা কাছ থেকে দেখেছেন, তেমনি একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে সুযোগ ও সহযোগিতার গুরুত্বও বুঝেছেন।
সকলের সহযোগিতায় সংগঠনের দৈনন্দিন কার্যক্রমের বড় একটি অংশ মূলত ইমনই দেখভাল করেন। খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখা, অসুস্থ বা বিপদে থাকা কারও খবর পাওয়া, সহযোগিতার ব্যবস্থা করা কিংবা কোনো খেলোয়াড়ের জন্য সুযোগ খোঁজাÑসবকিছুতেই সক্রিয় তিনি।
ইমন বলেন, আমরা নিজেরাও খেলোয়াড় ছিলাম। তাই একজন খেলোয়াড়ের কষ্টটা বুঝি। একটা চোট কখনো কখনো একজনের পুরো ক্যারিয়ার থামিয়ে দিতে পারে। আবার প্রতিভা থাকার পরও সুযোগ না পেয়ে অনেক খেলোয়াড় হারিয়ে যায়। আমরা চাই, অন্তত আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু করা সম্ভব, সেটা করতে।
তিনি আরও বলেন, ‘রুম্মনের পা ভাঙার পর আমরা চেষ্টা করেছি তার চিকিৎসার বিষয়টি দেখভাল করতে। কারণ সে শুধু একজন খেলোয়াড় নয়, আমাদেরই একজন। একইভাবে বিল্লালসহ কয়েকজনকে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যোগ্য খেলোয়াড়দের ঢাকার বিভিন্ন লিগে খেলার সুযোগ করে দেওয়ার চেষ্টা থাকবে।
ইমন বলেন, আমরা বড় কিছু করি সেই দাবি করছি না। একজন খেলোয়াড়ের পাশে দাঁড়াতে পারাটাই আমাদের কাছে বড় বিষয়। হয়তো কারও চিকিৎসায় কিছু সহযোগিতা করতে পারলাম, কারও জন্য একটা লিগে খেলার সুযোগ তৈরি হলো, কোনো একাডেমির বাচ্চাদের কিছু ক্রীড়া সামগ্রী দিতে পারলামÑএগুলোই আমাদের আনন্দ।
যশোর জেলা দলের কোচ আনোয়ার পারভেজ সংগঠনটির কার্যক্রমকে দেখছেন খেলোয়াড়দের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে।
তিনি বলেন,
একজন খেলোয়াড়ের পথচলা শুধু মাঠের ৯০ মিনিটে শেষ হয় না। চোট, অসুস্থতা কিংবা আর্থিক সমস্যার মতো অনেক বাধা থাকে। এসব সময়ে কেউ পাশে দাঁড়ালে খেলোয়াড় মানসিকভাবে অনেক শক্তি পায়।
খেলোয়াড় কল্যাণ সমিতি সেই কাজটাই করার চেষ্টা করছে। বিশেষ করে যোগ্য খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া এবং অসুস্থদের পাশে দাঁড়ানোর উদ্যোগ প্রশংসনীয়।
আনোয়ার পারভেজের মতে, যশোরে প্রতিভার অভাব নেই; প্রয়োজন সঠিক পরিচর্যা ও সুযোগের। ‘আমাদের এখানে অনেক ভালো খেলোয়াড় আছে। তাদের নিয়মিত সুযোগ ও সহযোগিতা দিতে পারলে আরও অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে আসতে পারে। এ ধরনের উদ্যোগ সেই পথকে সহজ করতে পারে।

Leave a Reply