যশোরের বাঘারপাড়া উপজেলায় মাত্র দুই দিনে তিনজনের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। পৃথক এসব ঘটনায় একজন বিষপান করে এবং অপর দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও এক যুবক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনাই পৃথক এবং প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে অভিযোগ করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু,বাঘারপাড়ার বলরামপুর এলাকায় কোহিনুর (৫৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলরামপুর গ্রামের মো. শওকত আলীর স্ত্রী এবং মৃত আলতাফ মৃধার মেয়ে।পরিবারের পক্ষ থেকে থানায় দেওয়া আবেদনে বলা হয়েছে, কোহিনুর কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে পরিবারের সদস্যদের কিছু না জানিয়ে তিনি বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশে পুকুরের উত্তর পাড়ে একটি আমগাছের ডালের সঙ্গে তাঁর ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁকে গাছ থেকে নামিয়ে আনলে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের ধারণা, ওই সময়ের মধ্যেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষপানে যুবকের মৃত্যু, অপর ঘটনায় বাঘারপাড়ার ভিটাবল্যা এলাকায় আলামিন (২৬) নামে এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে।
তিনি হোসেন আলী খলিফার ছেলে এবং ছোটবেলা থেকে ভিটাবল্যায় তাঁর নানা সেকেন্দার ওরফে সেকনের বাড়িতে বসবাস করতেন বলে থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পারিবারিক কলহের জেরে অভিমান করে আলামিন ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির লোকজনের অগোচরে কীটনাশক পান করেন।
অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই দিন দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে আলামিনের মৃত্যু হয়।
এ ঘটনায় বাঘারপাড়া থানায় অপমৃত্যু মামলা (নং-২৯, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬) করা হয়েছে।ঘরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ,এদিকে বাঘারপাড়ার দৌলতপুর এলাকায় খাদিজা খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি নড়াইলের নারায়ণপুর এলাকার আতিকুর রহমান চিন্টুর মেয়ে। ২০২৪ সালে মো. সুমন হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাঁদের বিয়ে হয়। তাঁদের আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।পরিবারের পক্ষ থেকে দেওয়া তথ্যে জানা যায়, ২৯ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে সুমন বাজার থেকে তরকারি কিনতে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তাঁদের শিশুকন্যা কান্নাকাটি শুরু করলে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে আসেন।
এ সময় শিশুটিকে কোলে নেওয়ার পর খাদিজাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়।পরে ঘরের ভেতরে খাদিজাকে তাঁর ব্যবহৃত ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা এসে তাঁকে নিচে নামালে মৃত অবস্থায় পাওয়া যায়।ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত নয়,
পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি ঘটনায়ই মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তিনটি ঘটনা পৃথকভাবে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যার অভিযোগ করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।একই উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে তিনজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply