যশোরে ‘টনি খান হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’-এর অর্থ, সম্পদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের উদ্যোক্তা লাকী নুরজাহান বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
আদালতের বিচারক সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানান বাদীর আইনজীবী তাহমীদ আকাশ।
মামলার আসামিরা হলেন ধর্মতলা-কারবালা রোড এলাকার মুসলিমা খাতুন বিউটি ও তার স্বামী বশির আহমেদ চন্দন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ১৩ মার্চ আটজন অংশীদার মিলে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠার সময় চার অংশীদার ২৪ লাখ টাকা বিনিয়োগ করেন, যার মধ্যে বাদী লাকী নুরজাহান দেন ৫ লাখ টাকা। পরে প্রতিষ্ঠানটি বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ পায়।
অভিযোগে আরও বলা হয়, অন্য অংশীদারদের না জানিয়ে আসামিরা প্রতিষ্ঠানের অর্থ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে নাম পরিবর্তন করে ‘প্রিজম হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ নামে কার্যক্রম শুরু করেন।

Leave a Reply