যশোরের বাঘারপাড়া উপজেলার ৪৬ নম্বর মহিরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটেছে। গত রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগের প্রায় সব তার খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে একই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটলেও কার্যকর নিরাপত্তাব্যবস্থা না থাকায় এক বছরের ব্যবধানেই ফের চুরির ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ রায়হান জানান, গতবার চুরির ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু এরপর বিদ্যালয় এলাকায় নিয়মিত নজরদারি বা পুলিশি টহল চোখে পড়েনি। এর মধ্যেই বিদ্যালয়ের বৈদ্যুতিক তার নতুন করে স্থাপন করার পর আবারও সেগুলো চুরি হয়ে গেল।
তিনি বলেন, গতবার চুরি হওয়ার পর আমরা বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছিলাম। কিন্তু আজ পর্যন্ত বিদ্যালয় চত্বরে পুলিশের কোনো নজরদারি দেখিনি। বছর না ঘুরতেই আবার বিদ্যালয়ের বৈদ্যুতিক তারগুলো চুরি হয়ে গেল।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়টি প্রধান সড়কের পাশে হওয়া সত্ত্বেও সন্ধ্যার পর সেখানে পর্যাপ্ত নজরদারি থাকে না। বিদ্যালয়ের ছুটি হওয়ার পর এক শ্রেণির উঠতি বয়সের যুবকেরা সেখানে আড্ডা দেয় বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যালয় চত্বরে এমন আড্ডা চলতে দেখা যায়।
এলাকাবাসীর কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুকরা জানান , এসব আড্ডায় কারা নিয়মিত আসে, তাদের কার্যক্রম কী তা নিয়ে যথাযথ নজরদারি প্রয়োজন। তবে সামাজিক সম্পর্ক ও নানা কারণে স্থানীয় বয়োজ্যেষ্ঠদের অনেকেই তাদের সরাসরি কিছু বলতে চান না।
চুরির সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের ধারণা, এলাকার কিছু উঠতি বয়সের কিশোর, যারা মাদকাসক্ত হয়ে পড়েছে বলে তাদের অভিযোগ, তারাও এ ধরনের চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ছাড়া কারও সম্পৃক্ততা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এলাকাবাসীর ভাষ্য, মাদকের বিস্তার ঠেকাতে সামাজিক ও ধর্মীয়ভাবে নানা উদ্যোগ নেওয়া হলেও এর সুফল কতটা মিলছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। স্থানীয় মসজিদের ইমাম কারি ছদর উদ্দিন একাধিক জুমার বাংলা খুতবায় মাদকের ভয়াবহতা নিয়ে বক্তব্য দিয়েছেন বলেও জানান তারা। তবে শুধু ধর্মীয় বক্তব্য নয়, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এবং পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগও প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় বাসিন্দারা বলছেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বারবার চুরির ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি করছে। বিদ্যালয়ের বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
পাশাপাশি বিদ্যালয় ছুটির পর অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ বন্ধে স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বারবার একই প্রতিষ্ঠানে চুরির ঘটনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন নিরাপত্তার ঘাটতি কোথায় এবং এর দায় নেবে কে?




Leave a Reply