বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ, দ্রুত ও গতিশীল করতে কাস্টমস ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসের ‘ইছামতি’ সম্মেলন কক্ষে কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ব্যবসায়ীদের অপ্রয়োজনীয় হয়রানি ও জটিলতা দূর করে দ্রুত পণ্য খালাসের পাশাপাশি আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
চোরাচালান ও অনিয়ম প্রতিরোধে কার্যকর নজরদারি বাড়ানোরও আহ্বান জানান তিনি।এরপর বেনাপোল পৌর গেটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পথসভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তিনি। পরে শার্শার উলাশী ইউনিয়নের জিয়া খাল পরিদর্শন করে খালের পরিবেশ রক্ষা ও সবুজায়নের সম্ভাব্য কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে যশোর-১ ও যশোর-২ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নী,
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাস্টমসের মতবিনিময় সভায় নাভারণ সার্কেলের এসপি মো. আরিফ হোসেন এবং বেনাপোল কাস্টমস হাউসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply