যশোরে ইয়াবা উদ্ধারের চার মামলায় চার মাদক ব্যবসায়ীকে দেড় বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা, সঞ্জয় পাল ও সাকিব আহম্মেদ ইমন পৃথক রায়ে এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছেন যশোর শহরের নাজির শংকরপুর এলাকার আইয়ুব আলীর ছেলে ইমামুল হক, বেজপাড়া বনানী রোড এলাকার আবদুল হকের ছেলে শাহাদৎ হোসেন, অভয়নগরের হাইশিপ ঘাট এলাকার ভাড়াটিয়া আনসার আলীর ছেলে ফারুক হোসেন এবং ঝিকরগাছার টাওরা গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে হাবিবুর রহমান।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ মে সকালে কোতোয়ালি থানা পুলিশ রেলরোডের আদ্-দ্বীন হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ইমামুল হককে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনায় এএসআই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ইমামুলকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
২০০৬ সালের ৬ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা উদ্ধার করে। এ মামলায় তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি ঝিকরগাছার মান্দারতলা মোড়ে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করে ডিবি পুলিশ। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেন।
এছাড়া ২০০৭ সালের ৬ নভেম্বর সকালে কোতোয়ালি থানা পুলিশ আশ্রম রোডের শান্তি কমিটির অফিসের সামনে থেকে শাহাদৎ হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ মামলায় আদালত তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।সাজাপ্রাপ্ত চার আসামিই জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

Leave a Reply