যশোরে ন্যায্য মূল্যে সার সরবরাহ, সার কালোবাজারি বন্ধ, কৃষি খাতের অনিয়ম ও দুর্নীতির তদন্ত এবং ডিজেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা কমিটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান। তিনি কৃষকদের চাহিদা অনুযায়ী ন্যায্য মূল্যে সার সরবরাহ, কালোবাজারি বন্ধ এবং কৃষি উৎপাদনে প্রয়োজনীয় উপকরণের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও অনেক ক্ষেত্রে কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেওয়া হচ্ছে না। ফলে কৃষকদের বেশি দামে খোলাবাজার বা কালোবাজার থেকে সার কিনতে হচ্ছে। একইসঙ্গে প্রদর্শনী খামারের নামে সরকারি অর্থের অনিয়মের অভিযোগ তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সার কালোবাজারি বন্ধ করে কৃষকদের প্রয়োজন অনুযায়ী ন্যায্য মূল্যে সার সরবরাহ, প্রদর্শনী খামারের ভর্তুকি যথাযথভাবে কৃষকদের দেওয়া,
কৃষি উৎপাদনের জন্য ডিজেল ও বিদ্যুতে সরাসরি ভর্তুকি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল, ধানের লাভজনক মূল্য নির্ধারণ এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি ধান ক্রয়কেন্দ্র স্থাপন।
পরে যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান স্মারকলিপির লিখিত বক্তব্য পাঠ করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় তসলিম-উর-রহমান,
মিজানুর রহমান, জেলা কমিটির নেত্রী মনোয়ারা সিদ্দিকী ছবি, বিথিকা বিশ্বাস, পলাশ বিশ্বাস, সবর বিশ্বাস, সাহাবুদ্দিন বাটুলসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply