আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বৃক্ষরোপণ করেন এবং অণুজীববিজ্ঞান বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত হয়।
এতে যশোরের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন,
স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অণুজীববিজ্ঞান সম্পর্কে সচেতন করা এবং অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে অণুজীব সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে এবং ভবিষ্যতে এ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে।
তিনি শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে তা অর্জনের জন্য এগিয়ে যাওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান,
বিএমবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার ও অনুষ্ঠানের আহ্বায়ক ড. অভিনু কিবরিয়া ইসলাম বক্তব্য দেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি ড. ফরজানা নাসরিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইনের প্রচার কার্যক্রমের মধ্য দিয়ে মাসব্যাপী আন্তর্জাতিক অণুজীব দিবসের কর্মসূচি শুরু হয়।

Leave a Reply