যশোর শহরের বেজপাড়া মেইন রোডের পারহাউস এলাকায় নিজ বাসার সামনে থেকে এক মাছের পোনা ব্যবসায়ীকে প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। একই সঙ্গে স্বামীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগকারী শতরুপা বড়াল (২৭) জানান, তাঁর স্বামী মাছের পোনা বিক্রেতা ও ব্যবসায়ী। গত ১৩ সেপ্টেম্বর রাতে তিনি বাসায় ফেরেননি। পরদিন ১৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে আরআরএফ, চাঁচড়া শাখার কর্মকর্তা পিয়ালসহ কয়েকজন ব্যক্তি তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে বাসায় আসেন। এ সময় তাঁরা একটি ভিডিও ধারণ করে বলেন, তাঁর স্বামীকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে পিয়ালসহ ৪-৫ জন ব্যক্তি আবারও বেজপাড়ার বাসার সামনে আসেন। তাঁরা গেটের বাইরে দাঁড়িয়ে ওই ব্যবসায়ীকে ডাকলে তিনি বাইরে বের হন। পরে অভিযুক্তরা জোরপূর্বক তাঁকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী।
এরপর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। অভিযোগে আরও বলা হয়, ১৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি ব্যাগে করে ওই ব্যবসায়ীর পরিহিত রক্তমাখা প্যান্ট তাঁর স্ত্রীর কাছে দিয়ে কোনো কথা না বলে চলে যান।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন শতরুপা। পরে হৃদয় নামে এক ব্যক্তি তাঁর বাসায় গিয়ে তাঁর স্বামী যোগাযোগ করবেন বলে জানান এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন বলে অভিযোগ করেন তিনি। একই দিন দুপুর ২টার পর থেকে হৃদয় তাঁর মোবাইল ফোনে বিভিন্ন সময়ে কল করে হুমকি দিচ্ছেন এবং থানায় পুলিশের সহায়তা না নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী বলেন, বর্তমানে তাঁর স্বামী কোথায় এবং কী অবস্থায় আছেন, তা তিনি জানেন না। তাঁর স্বামীর সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। বিশেষ করে রক্তমাখা প্যান্ট পাঠানোর ঘটনায় তাঁর উদ্বেগ আরও বেড়েছে।
এ বিষয়ে স্বামীকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া এবং অভিযোগে উল্লেখ করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শতরুপা বড়াল।

Leave a Reply