যশোরের মণিরামপুরে ট্রাকের সঙ্গে আলমসাধুর সংঘর্ষে ইকবাল হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। একই সময়ে ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় জামাল মিয়া (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মণিরামপুর উপজেলার মায়দা কেন্দ্রীয় ঈদগাহের সামনে যশোর-পুলেরহাট-রাজগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল উপজেলার ডুমুরতলা গ্রামের মোসলেমের ছেলে। স্থানীয়রা জানান, নিজের আলমসাধু নিয়ে যশোরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে,বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিকরগাছার লাউজানী এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় জামাল মিয়া আহত হন। তিনি উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করেন।

Leave a Reply