আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বার্ষিক আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। জয়-পরাজয়ের চেয়ে খেলাধুলার মাধ্যমে ক্রীড়াসুলভ মানসিকতা ও শৃঙ্খলাবোধ অর্জন গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় সর্বোচ্চ চেষ্টা থাকলেও খেলা শেষে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা ও পর্যাপ্ত সুবিধার ঘাটতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ আয়োজনটিকে সফল করবে। ভবিষ্যতে সারা বছরজুড়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, টেবিল টেনিস প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, খেলা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. মো. মজনুজ্জামান ও ড. শৈবাল চন্দ এবং শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি বক্তব্য দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।

Leave a Reply