যশোরের কেশবপুরে মুরাদ হোসেন (৪৫) নামে এক ভ্যানচালককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। তাঁর ভ্যান ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি গ্রামে সাতাশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে সড়কসংলগ্ন একটি পানবরজের বেড়ার কাছ থেকে তাঁকে উদ্ধার করা হয়।
মুরাদ হোসেন খুলনার তেরখাদা উপজেলার হাজীগ্রাম এলাকার জিন্নাত মীরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কেশবপুরের বসন্তিয়া গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর থেকে আখের ভাড়া নিয়ে মুরাদ ঝিকরগাছার উদ্দেশে যান। ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা চেতনানাশক কোনো দ্রব্য ব্যবহার করে তাঁকে অচেতন করে ভ্যান ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে পরিবারের ধারণা।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply