যশোরের মণিরামপুরে ভ্যান রাখা নিয়ে বিরোধের জেরে জিসান আহমেদ (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত জিসান ওই গ্রামের মামুন হোসেনের ছেলে এবং পেশায় ভ্যানচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিসানের বাড়ির সামনে পাকা সড়কে ভ্যান রাখা নিয়ে প্রতিবেশী ইউনুস আলী (৪৫) ও শওকত আলীর (৪৫) সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা জিসানকে মারধর করেন এবং ধারালো ছুরি দিয়ে শরীরের ডান পাশে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে জিসানকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নেওয়া হয়। এ ঘটনায় মণিরামপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply