যশোরের বাঘারপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড সুমারির কার্যক্রমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নির্বাচিত সুপারভাইজার মনিরুল ইসলামকে জড়িয়ে একটি কুচক্রী মহলের সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও ভুয়া প্রোপাগান্ডার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
যশোর বাঘারপাড়া সংবাদ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে সম্পূর্ণ ভিত্তিহীন রাজনৈতিক ট্যাগ দিয়ে তাঁর সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের মতে,
এই প্রোফাইলটি থেকে নিয়মিতভাবে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করে শুধু মনিরুল ইসলাম নন, এলাকার আরও অনেক সম্মানিত মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়ে থাকে।
স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল অত্যন্ত জোরালোভাবে জানিয়েছেন যে, মনিরুল ইসলাম জীবনের কোনো অবস্থাতেই, কখনোই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের রাজনীতির সাথে বিন্দুমাত্র সংশ্লিষ্ট ছিলেন না। তাঁর এই অরাজনৈতিক অবস্থান ও সততা এলাকার সর্বস্তরের মানুষের কাছে সুপরিচিত হওয়া সত্ত্বেও,
ওই প্রোফাইলটি অসদুদ্দেশ্য চরিতার্থ করতে তাঁর ছবি ও নাম ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক ট্যাগ লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, বাঘারপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড সুমারির সুপারভাইজার পদের জন্য অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হন মনিরুল ইসলাম।
শুরুতেই এই অনভিপ্রেত অপপ্রচারের মুখে তিনি ইমেইলে অব্যাহতি চেয়ে আবেদন করলেও, পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের অনুরোধে তা প্রত্যাহার করে নেন।
কিন্তু এরপর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে মেইল করে নির্দিষ্ট সময়ে সরাসরি উপস্থিত হয়ে তিনি পদে থাকতে চান কি না সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয় এবং সেই মেইলে তিনি যে সুপারভাইজার পদে এখনও বিদ্যমান রয়েছেন তা সুস্পষ্টভাবে উল্লেখ ছিল।
অথচ নির্ধারিত সময়ে দপ্তরে যাওয়ার পর সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতি তৈরি হয়, যার ফলে তিনি চরম মানসিকভাবে হেনস্থার শিকার হন।
সার্বিক এই অসহনীয় ও দ্বিধাদ্বন্দ্বপূর্ণ পরিবেশে তিনি শেষ পর্যন্ত এই কাজ থেকে সম্পূর্ণ সরে আসতে বাধ্য হন এবং বর্তমানে এই পদের সাথে আর কোনোভাবেই যুক্ত নেই।
প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় বা প্রশাসনিক একটি কার্যক্রমে মেধার ভিত্তিতে যুক্ত হওয়ার পর কোনো কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচার ও বুলিংয়ের শিকার হলে,
প্রশাসনের কি নাগরিকের মৌলিক সম্মান রক্ষার্থে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার বা পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা নেই? এই ধরনের ভিত্তিহীন প্রোপাগান্ডার মুখে প্রশাসন যদি যথাযথ সুরক্ষা বা সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়, তবে সাধারণ ও মেধাবী নাগরিকরা চরম নিরাপত্তাহীনতায় পড়েন।
এ বিষয়ে ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও মেধার ভিত্তিতে আমি এই পদে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না এবং বিষয়টি এলাকার সবাই জানেন।
তা সত্ত্বেও যশোর বাঘারপাড়া সংবাদ নামের একটি প্রোফাইল থেকে বানোয়াট ও ভিত্তিহীন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে আমার সামাজিক সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে।
এই ধরনের মানহানিকর ও বিষাক্ত পরিবেশে আমার পক্ষে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমি স্বেচ্ছায় এই দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন যে প্রকৃত অভাবী এবং সুবিধাভোগী কে নির্বাচিত করতে তিনি আগ্রহী ছিলেন।
স্থানীয় সচেতন মহল এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যারা সম্পূর্ণ নির্দোষ মানুষের বিরুদ্ধে ভুয়া রাজনৈতিক ট্যাগ লাগিয়ে এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।




Leave a Reply