মামলার তদন্তে গাছের কতটুকু কাটা হয়েছিল তা দেখতে গোড়া খুঁড়ে দেখল পুলিশ।
যশোরের বাঘারপাড়ার ব্র্যাক মোড়ে একটি গাছ কাটাকে কেন্দ্র করে চলমান মামলার তদন্তে গাছের গোড়া খোঁড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাছটির গোড়া খুঁড়ে দেখে, আসলে গাছটির কতটুকু কাটা হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই পলাশ দাস জানান, ওই গাছ কাটার অভিযোগে মামলা হয়েছে। তদন্তের অংশ হিসেবেই গাছের গোড়া খুঁড়ে দেখে কাটা অংশ ও শিকড়ের অবস্থা যাচাই করা হয়েছে।
এ বিষয়ে জেলা পরিষদের বাঘারপাড়া এলাকার দায়িত্বে থাকা মঞ্জুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, গাছটি গোপনে বিক্রি করে দেওয়ার বিষয়টি জানতে পেরে জেলা পরিষদের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়া হয়। ফলে গাছটি সম্পূর্ণভাবে কাটা সম্ভব হয়নি।
তবে সাবেক পৌর মেয়র খলিলুর রহমান বিশ্বাস অভিযোগটি অস্বীকার করে বলেন, তিনি ওই গাছটি বিক্রি করেননি। তাঁর দাবি, তিনি অন্য একটি গাছ বিক্রি করেছিলেন।
কিন্তু গাছ ব্যবসায়ী ভুল করে ওই গাছটি কাটতে শুরু করেন। এ সময় গাছটির দুই-তিনটি শিকড় কেটে ফেলা হলেও বিষয়টি বুঝতে পেরে তিনি ও স্থানীয়রা বাধা দেন। পরে ব্যবসায়ী আর গাছ না কেটে গাছের গোড়ায় মাটি দিয়ে ঢেকে দেন।
মেয়র খলিলুর রহমান আরও বলেন, জায়গাটি তাঁদের পারিবারিক ভোগদখলে রয়েছে। তাঁর ভাষ্য, “আমার দাদা এই জায়গা ভোগ করেছেন,
এরপর আমার বাবা এবং আমরা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি। এখন শুনছি জায়গাটি জেলা পরিষদের।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, তাঁরা জন্মের পর থেকেই জায়গাটি খলিলুর রহমানের পরিবারের ভোগদখলে দেখে আসছেন এবং সেখানে থাকা গাছও দীর্ঘদিন ধরে তাঁদের দখলেই ছিল।
পাশাপাশি জায়গাটি মূল সড়ক থেকে প্রায় ৪০-৪৫ ফুট দূরে হওয়ায় এটি কবে জেলা পরিষদের জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
ঘটনাটি নিয়ে বর্তমানে জমির মালিকানা ও গাছ কাটার বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও গাছ কাটার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই খুড়ে দেখা হয়েছে।




Leave a Reply