মামলা তুলে নিতে চাপ প্রয়োগের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন যশোরের খালেদ রহমান আলিফ। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন তিনি।
অভিযোগকারী খালেদ রহমান আলিফ জানান, তাঁর মা নার্গিস আক্তার ঢাকায় একটি স্কুলের মালিক ছিলেন। ঢাকায় বসবাসের সময় তাঁর বাবা বদিয়ার রহমান বিভিন্ন ব্যক্তির কাছ থেকে খালি চেক ও মোটা অঙ্কের টাকা নিয়ে গ্রামে চলে আসতেন।
২০১২ ও ২০২১ সালেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া তাঁর বাবা, দাদি ও চাচা মশিয়ার রহমান মিলে ঢাকার বাসা থেকে মায়ের স্বর্ণালংকার নিয়ে আসেন বলেও অভিযোগ করেন খালেদ।
তিনি বলেন,নানা-নানি মারা যাওয়ার পর দাদি ও চাচা-চাচিরা তাঁদের যশোরে আসতে বলেন এবং ভবিষ্যতে কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন। এ সময় দাদা একটি জমি তাঁকে দেওয়ার কথা বলেন এবং সেখানে তাঁর মাকে বাড়ি নির্মাণ করতে বলা হয়।
পরে তাঁর মা ওই জমিতে বাড়ি নির্মাণ করেন। তবে বাড়ি নির্মাণের দুই থেকে তিন মাস পর তাঁর বাবা আবার ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মাকে না জানিয়ে তালাক দেন এবং বাবা, দাদি ও চাচা-চাচিরা তাঁদের মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
খালেদের ভাষ্য, তালাকের আগে তাঁর মা কোতোয়ালি থানায় ১১(গ) ধারায় একটি মামলা করেন। ওই মামলায় তাঁর বাবা আদালতের নির্দেশে প্রায় দুই সপ্তাহ কারাগারে থাকেন। এরপর মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের ওপর চাপ বাড়তে থাকে।
খালেদ অভিযোগ করেন, তাঁর চাচা মোশিয়ার, হাবিব, ইসহাক, ১১ নম্বর রামনগর ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনসহ কয়েকজন এবং চাচিরা বারবার মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। একই সঙ্গে তাঁদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর বাবার জামিন না হওয়ায় হুমকির মাত্রা আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি।
প্রাণনাশের হুমকির ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করার কথা জানিয়ে খালেদ রহমান আলিফ বলেন, বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও চাপ বন্ধের পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Leave a Reply