ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) শাখায় কর্মরত হিসাবরক্ষক মো. সেলিম রেজাকে মারধর করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং তার পরিবারের কাছে ৩৭ লাখ ৬০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে সংস্থাটির প্রধান কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সেলিম রেজা। তিনি যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামের বাসিন্দা।
লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন, তিনি প্রায় দুই বছর ধরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর শাখায় হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার দাবি, শাখার গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় না হওয়ায় প্রধান কার্যালয় থেকে তাকে আদায় দেখানোর জন্য চাপ দেওয়া হতো।
পরবর্তী সময়ে টাকা আদায় হলে তা জমা দেখানোর কথা বলা হলেও মাঠপর্যায়ে অনাদায়ী টাকা পড়ে থাকায় একপর্যায়ে ওই টাকা ব্যক্তিগতভাবে পরিশোধের জন্য তাকে চাপ দেওয়া হয়।
সেলিম রেজার অভিযোগ, গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে প্রধান কার্যালয়ের হিসাবরক্ষক মো. বদরুল আলম, এমআইএস কর্মকর্তা রাজু আহম্মেদ, ডিজি মো. মেহেদী হাসান,
অডিট পরিচালক মো. মিজানুর রহমান, এইচআর কর্মকর্তা ফয়সাল মাহমুদ সাকিসহ অডিট বিভাগের কয়েকজন কর্মী ও বহিরাগত ৪-৫ জন তাকে অনাদায়ী টাকা পরিশোধের জন্য চাপ দেন।
তিনি অভিযোগ করেন, মাঠপর্যায়ের কর্মীদের কাছ থেকে টাকা আদায় করে দেওয়ার কথা বললে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার দুই হাত পেছনে বেঁধে কাঠের চেলা দিয়ে পায়ের পাতায় ৬০-৭০টি আঘাত করা হয়।
পরে প্রাণভয়ে টাকা পরিশোধের স্বীকৃতি দিয়ে তিনটি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন বলে দাবি করেন তিনি। এর মধ্যে একটি স্ট্যাম্পে ৩৪ লাখ ৬০ হাজার টাকা উল্লেখ করা হয় এবং অন্য দুটি স্ট্যাম্পে কোনো লেখা ছাড়াই তার স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন সেলিম।
তার দাবি, এ সময় তার বক্তব্যের ভিডিও ধারণ করা হয়। পরে তাকে আটকে রেখে পরিবারের সদস্যদের ফোন করে টাকা নিয়ে অফিসে আসতে বলা হয়।
সেলিম রেজা আরও জানান, পরদিন ১০ সেপ্টেম্বর অভিযুক্তরা একটি মাইক্রোবাস নিয়ে তার গ্রামের বাড়িতে যান। সেখানে তার বাবা মো. হায়দার আলী ও চাচাদের অফিসে নিয়ে আসা হয়।
তাদের কাছ থেকে দুই মাসের মধ্যে ৩৭ লাখ ৬০ হাজার টাকা পরিশোধের অঙ্গীকারসংবলিত একটি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাকে অন্য একটি কক্ষে আটকে রাখা হয়েছিল বলেও দাবি করেন সেলিম।
তিনি জানান, ১১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে অফিস থেকে পালিয়ে বাড়িতে ফেরেন। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকের পরামর্শে বাড়ি ফেরেন।
সেলিম রেজার অভিযোগ, তার মোটরসাইকেল, কাগজপত্র ও চাবি, মোবাইল ফোন এবং মূল শিক্ষাগত সনদও আটকে রাখা হয়েছে। তিনি এসব মালামাল এবং জোরপূর্বক নেওয়া স্ট্যাম্প ফেরত দেওয়ার দাবি জানান।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট এনজিওর নিবন্ধন বাতিলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Leave a Reply