মিথ্যা মামলা, হয়রানি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যশোরের আনোয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামের মৃত দুলাল উদ্দিন বিশ্বাসের ছেলে। প্রায় দুই যুগ আগে ঝিকরগাছা থেকে যশোরে এসে দীর্ঘদিন ধরে ঠিকাদারি ও জুট ব্যবসা করে আসছেন।
তিনি অভিযোগ করেন, ব্যবসায়িক ও সামাজিকভাবে তার অবস্থান তৈরি হওয়ায় একটি পক্ষ তাকে ‘আদম ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছে। এ জন্য বিভিন্ন সময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আনোয়ার হোসেনের অভিযোগ, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ওবায়দুর রহমান, কবিরুল ইসলাম, আব্দুল করিমসহ তাদের লোকজন তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।
একই ঘটনার জেরে এর আগে তার বিরুদ্ধে তিনটি মামলা করা হলেও আদালত সেগুলো খারিজ করে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, আদালতে মীমাংসিত একটি ঘটনাকে নতুনভাবে সাজিয়ে গত ১ জুলাই ঝিকরগাছায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করতে সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে।
আনোয়ার হোসেনের দাবি, বর্তমানে তার কাছে ৩৫ লাখ টাকা পাওনা রয়েছে এমন একটি তথ্য উপস্থাপন করে তার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি ওবায়দুর রহমানের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি কী ধরনের নথি বা প্রমাণ উপস্থাপন করেছেন, তা বিস্তারিতভাবে জানা যায়নি।
আনোয়ার হোসেন বলেন, মিথ্যা মামলা ও অপপ্রচারের কারণে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, হয়রানি থেকে প্রতিকার এবং নিজের সামাজিক ও ব্যবসায়িক সুনাম রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply