যশোর শহরের ডালমিল আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন বেটিং ওয়েবসাইট ব্যবহারের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর যশোর ক্যাম্প। এ সময় তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৮৬০টি বিভিন্ন রঙের স্ক্র্যাচ কার্ড জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডালমিল আদর্শপাড়ার চোরমারা দিঘির দক্ষিণপাড়ার একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে ল্যাপটপ ও মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে বেটিং করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের শিবপুর গ্রামের ফয়সাল (২২), শাহিন আলম (২৪), মুরাগাছা গ্রামের মিলন (২৫), শিবপুর গ্রামের শরিফুল আসলাম (২৩), মলেঙ্গা গ্রামের নাজমুল হোসেন (২২), পরানপুর গ্রামের বাপ্পি হোসেন (২১) এবং মিন্দিনগর গ্রামের আরিফুল ইসলাম (২০)। র্যাবের বিজ্ঞপ্তিতে একজনের নাম দুবার উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ল্যাপটপ ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন বেটিং ওয়েবসাইটে জুয়া খেলতেন। এ কাজে বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা (এমএফএস) হিসাব ব্যবহার করে দেশে ও বিদেশে অবৈধ আর্থিক লেনদেন করা হতো।
অভিযানে জব্দ করা ল্যাপটপ, মোবাইল ফোন ও স্ক্র্যাচ কার্ডের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

Leave a Reply