যশোরের বাঘারপাড়ায় গভীর রাতে একটি হিন্দু পরিবারের বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেওয়া হয়। একপর্যায়ে পরিবারের গচ্ছিত ১৩ হাজার ৫০০ টাকা নিয়ে চলে যান অভিযুক্তরা।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের গলগলিয়া গ্রামের বাসিন্দা সুকুমার গাইনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনার পরদিন সোমবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হয়ে পরিবারের সদস্যরা ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
পরে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুক্তভোগী পরিবারকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।এ ঘটনায় সুকুমার গাইন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় এজাহার দিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ জানিয়েছে, অভিযোগটি যাচাই-বাছাই করে মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।মধ্যরাতে দরজা খুলতে বাধ্য করার অভিযোগ, ভুক্তভোগী সুকুমার গাইন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দোহাকুলা ইউনিয়নের কথিত যুবদল সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে ছয়-সাতজন ব্যক্তি সুকুমারের বাড়িতে যান।
এ সময় তারা সুকুমারকে নাম ধরে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে ঘরের দরজা খুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ পরিবারের।পরিবারের ভাষ্য অনুযায়ী, দরজা খোলার পর অভিযুক্তরা ঘরে প্রবেশ করে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন।
রাতের ওই সময়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। একপর্যায়ে ঘরে থাকা নগদ ১৩ হাজার ৫০০ টাকা এনে অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হয়।অভিযোগ রয়েছে, টাকা দেওয়ার পরও বেশ কিছু সময় ধরে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়।
পরে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।ভারতে চলে যাচ্ছিস, ৫০ হাজার টাকা দিতে হবে, সুকুমার গাইনের স্ত্রী শিখা গাইন অভিযোগ করে বলেন, রাতের ওই ঘটনায় আনিসুর রহমান ও তাঁর সঙ্গে থাকা রবি তাঁদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন এবং ভারতে চলে যাওয়ার প্রসঙ্গ তুলে ভয় দেখান।শিখা গাইনের ভাষ্য, তোরা ইন্ডিয়ায় চলে যাচ্ছিস।
আমাদের ৫০ হাজার টাকা দিতে হবে। না হলে তোদের পুলিশ দিয়ে ধরে থানায় মামলা দেব,এমন কথা বলে তাঁদের ভয় দেখানো হয়। পরে ঘরে থাকা ১৩ হাজার ৫০০ টাকা নিয়ে অভিযুক্তরা চলে যান বলে তিনি অভিযোগ করেন।তিনি আরও বলেন, তাঁর স্বামী সুকুমার গাইন দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন।
চিকিৎসার জন্য তাঁকে ভারতে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ জন্য পরিবারের কিছু জমি বিক্রি করা হয় এবং সেই জমি বিক্রির টাকা থেকে কিছু অর্থ বাড়িতে রাখা হয়েছিল। ওই টাকারই একটি অংশ অভিযুক্তরা নিয়ে গেছেন বলে অভিযোগ তাঁর।শিখা গাইন বলেন,
টাকা নেওয়ার পরও প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।পথিমধ্যে অভিযুক্তদের সঙ্গে দেখা,ঘটনার খবর পেয়ে প্রতিবেশী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সুকুমারের বাড়ির দিকে রওনা হন বলে জানা গেছে। চেচুয়াখোলা গ্রামের গোলাম মোস্তফা বলেন,
সুকুমারের পাশের বাড়ির লোকজন তাঁকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন।গোলাম মোস্তফার দাবি, তাঁরা কুঠিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে আনিসুর রহমান, রবি, বিল্লালসহ কয়েকজনের সঙ্গে তাঁদের দেখা হয়।
তখন তিনি বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ওই ব্যক্তিরা দ্রুত সেখান থেকে চলে যান।তবে অভিযুক্তদের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা সভায় অভিযোগ, ঘটনার পরদিন সোমবার ছিল বাঘারপাড়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা। সভা শুরুর সময় ভুক্তভোগী পরিবার স্থানীয় কয়েকজন বাসিন্দাকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়।
তারা সভায় ঘটনার বিস্তারিত তুলে ধরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।সভায় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য গোলাম রসুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার এবং বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শাহাজালাল আলম ভুক্তভোগী পরিবারকে থানায় গিয়ে লিখিত অভিযোগ করার পরামর্শ দেন বলে জানা গেছে।পরে সুকুমার গাইন বাঘারপাড়া থানায় গিয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি এজাহার দাখিল করেন।এলাকায় ক্ষোভ, উঠছে পুরোনো অভিযোগও ঘটনাটি জানাজানি হওয়ার পর দোহাকুলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, সালিশের নামে অর্থ আদায় এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছে।তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক এ ঘটনাসহ আগের অভিযোগগুলোও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
তাঁদের দাবি, কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো বা অর্থ আদায়ের ঘটনা ঘটে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তদন্তের দাবিস্থানীয়দের পাশাপাশি ভুক্তভোগী পরিবারও ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা দাবি করেছে।
বিশেষ করে রাতে একটি পরিবারের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।বাঘারপাড়া থানার ওসি শাহাজালাল আলম জানান, সুকুমার গাইন একটি এজাহার দিয়েছেন।
অভিযোগটি যাচাই করে মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। তদন্তের পর অভিযোগের সত্যতা ও ঘটনায় কারা জড়িত ছিলেন, তা নিশ্চিত হওয়া যাবে।অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ (ওসি)।




Leave a Reply